Quran translations in many languages

Bengali Quran

Al-Maʽârij

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

[70:1]

একব্যক্তি চাইল, সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত-

[70:2]

কাফেরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই।

[70:3]

তা আসবে আল্লাহ তা’আলার পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্তবার অধিকারী।

[70:4]

ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তা’আলার দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।

[70:5]

অতএব, আপনি উত্তম সবর করুন।

[70:6]

তারা এই আযাবকে সুদূরপরাহত মনে করে,

[70:7]

আর আমি একে আসন্ন দেখছি।

[70:8]

সেদিন আকাশ হবে গলিত তামার মত।

[70:9]

এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত,

[70:10]

বন্ধু বন্ধুর খবর নিবে না।

[70:11]

যদিও একে অপরকে দেখতে পাবে। সেদিন গোনাহগার ব্যক্তি পনস্বরূপ দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে,

[70:12]

তার স্ত্রীকে, তার ভ্রাতাকে,

[70:13]

তার গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত।

[70:14]

এবং পৃথিবীর সবকিছুকে, অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে।

[70:15]

কখনই নয়। নিশ্চয় এটা লেলিহান অগ্নি।

[70:16]

যা চামড়া তুলে দিবে।

[70:17]

সে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল।

[70:18]

সম্পদ পুঞ্জীভূত করেছিল, অতঃপর আগলিয়ে রেখেছিল।

[70:19]

মানুষ তো সৃজিত হয়েছে ভীরুরূপে।

[70:20]

যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সে হা-হুতাশ করে।

[70:21]

আর যখন কল্যাণপ্রাপ্ত হয়, তখন কৃপণ হয়ে যায়।

[70:22]

তবে তারা স্বতন্ত্র, যারা নামায আদায় কারী।

[70:23]

যারা তাদের নামাযে সার্বক্ষণিক কায়েম থাকে।

[70:24]

এবং যাদের ধন-সম্পদে নির্ধারিত হক আছে

[70:25]

যাঞ্ছাকারী ও বঞ্চিতের

[70:26]

এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে।

[70:27]

এবং যারা তাদের পালনকর্তার শাস্তির সম্পর্কে ভীত-কম্পিত।

[70:28]

নিশ্চয় তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্কা থাকা যায় না।

[70:29]

এবং যারা তাদের যৌন-অঙ্গকে সংযত রাখে

[70:30]

কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভূক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না।

[70:31]

অতএব, যারা এদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমালংঘনকারী।

[70:32]

এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে

[70:33]

এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল-নিষ্ঠাবান

[70:34]

এবং যারা তাদের নামাযে যত্নবান,

[70:35]

তারাই জান্নাতে সম্মানিত হবে।

[70:36]

অতএব, কাফেরদের কি হল যে, তারা আপনার দিকে উর্ধ্বশ্বাসে ছুটে আসছে।

[70:37]

ডান ও বামদিক থেকে দলে দলে।

[70:38]

তাদের প্রত্যেকেই কি আশা করে যে, তাকে নেয়ামতের জান্নাতে দাখিল করা হবে?

[70:39]

কখনই নয়, আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি, যা তারা জানে।

[70:40]

আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলসমূহের পালনকর্তার, নিশ্চয়ই আমি সক্ষম!

[70:41]

তাদের পরিবর্তে উৎকৃষ্টতর মানুষ সৃষ্টি করতে এবং এটা আমার সাধ্যের অতীত নয়।

[70:42]

অতএব, আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা বাকবিতন্ডা ও ক্রীড়া-কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত, যেদিবসের ওয়াদা তাদের সাথে করা হচ্ছে।

[70:43]

সে দিন তারা কবর থেকে দ্রুতবেগে বের হবে, যেন তারা কোন এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে।

[70:44]

তাদের দৃষ্টি থাকবে অবনমিত; তারা হবে হীনতাগ্রস্ত। এটাই সেইদিন, যার ওয়াদা তাদেরকে দেয়া হত।